করোনাভাইরাস: ৫ টেক জায়ান্টের ক্ষতি ৪২০ বিলিয়ন ডলার

১৪ মার্চ, ২০২০ ১৩:৩৫  
করোনাভাইরাস মহামারী ঘিরে অনিশ্চয়তার মাত্রা বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। বিশ্বব্যাপী টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো বাজারে মূলধন হারানোর ফলে ঝুঁকির মধ্যে পড়ে গেছে। সবচেয়ে বড় পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠান - অ্যামাজন, অ্যালফাবেট, অ্যাপল, ফেসবুক এবং মাইক্রোসফ্ট সম্মিলিতভাবে প্রায় ৪২০ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ লাখ ৭৫ হাজার কোটি টাকা) ক্ষতির শিকার হয়েছে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম সিএনবিসি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মুদ্রা বাজারে অ্যাপলের শেয়ারের দাম ৯.৮৮ শতাংশ এবং ফেসবুকের দাম ৯.৩০ শতাংস হ্রাস পেয়েছে। গুগলের মূল সংস্থা আলফাবেটের শেয়ার মূল্য ৮.২ শতাংশ এবং অ্যামাজন ও মাইক্রোসফ্টের শেয়ার মূল্য যথাক্রমে ৭.৯৮ ও ৯.৪৮ শতাংশ হ্রাস পেয়েছে। করোনভাইরাসের বিশ্বব্যপি প্রাদুর্ভাব ও আতঙ্কের কারণে অর্থনীতিতে প্রভাব পড়েছে। যার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে বিশ্বের প্রায় সব বড় প্রতিষ্ঠানই। চলতি বছরের শুরু থেকেই এই পাঁচ সংস্থা তাদের শেয়ার মূল্য হারাতে শুরু করে। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের বাজার মূল্য ২৪.৭ শতাংশ, গুগলের ১৭ শতাংশ কমেছে। অন্যদিকে, অ্যাপল এর বাজারমূল্য ১৫.৫ শতাংশ হ্রাস পেয়েছে। মাইক্রোসফ্ট এবং অ্যামাজনের বাজারমূল্য যথাক্রমে ১১.৮ এবং ৯.৩ শতাংশ হ্রাস পেয়েছে।